কন্যা সন্তানের জন্মদান ও জন্মগ্রহণকে কেন্দ্র করে অধিকাংশ পরিবারের মাঝে অসন্তুষ্টির কথা আমরা হরহামেশাই দেখে থাকি। শুধুমাত্র কন্যাসন্তান জন্মদানের কারণে, জন্মের এই আনন্দঘন মুহূর্তেও নারীদের হতে হয় বৈষম্যের শিকার। এর পেছনে রয়েছে হাজার বছর ধরে চলে আসা কুসংস্কার, নারী বিদ্বেষী মনোভাব এবং নারীর সম্ভাবনা সম্পর্কে নেতিবাচক ধারনা।
পশ্চাদপদ এই মানসিকতাকে চ্যালেঞ্জ জানাতে এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনকে অনুপ্রাণিত করার লক্ষ্যে, মুক্তি কক্সবাজার একটি নতুন উদ্যোগ গ্রহণ করেছে: মর্যাদা, শ্রদ্ধা এবং আনন্দের সাথে প্রতিটি কন্যা সন্তানের আগমন উদযাপন করা।
এ উপলক্ষ্যে গত ০৮ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে, NORAD এর অর্থায়নে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহায়তায় মুক্তি কক্সবাজারের গার্লস গেট ইকুয়াল ২.০ (জিজিই ২.০) প্রকল্প টেকনাফ উপজেলায় একটি নবজাতক কন্যাশিশুকে সমাজে স্বাগত জানাতে একটি হৃদয়গ্রাহী এবং অনন্য উদযাপন অনুষ্ঠানের আয়োজন করে। পরিবারের সদস্যগন, আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী, কমিউনিটির স্বেচ্ছাসেবক, প্রবীণ এবং শিশুরা স্বতঃস্ফূর্তভাবে এই আনন্দময় সমাবেশে যোগদান করেন, সকলে ভালবাসার চাদরে মুড়ে শিশুটিকে উষ্ণ অভ্যর্থনা জানায়।
মুক্তি কক্সবাজারের এই উদ্যোগটি শুধু একটি অনুষ্ঠান নয়; এটি পুরনো মানসিকতা ভাঙার এবং প্রতিটি কন্যাশিশুকে মর্যাদাপূর্ণভাবে মূল্যায়ন করার একটি আন্দোলন। এক একজন মেয়ে শিশুর জন্ম উদযাপন করার মধ্য দিয়ে মুক্তি কক্সবাজার নতুন করে লিখছে সমতার গল্প।