প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর কারিগরি সহায়তায় এবং নোরাড-এর অর্থায়নে মুক্তি কক্সবাজার কর্তৃক বাস্তবায়নাধীন ”গার্লস গেট ইক্যুয়াল ২.০ (জিজিই ২.০) প্রকল্পের আওতায় গত ১–২ মার্চ ২০২৬ ইং তারিখে টেকনাফের সেন্ট্রাল রিসোর্টে দুই দিনব্যাপী জেন্ডার সংবেদনশীলতা বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণে মোট ৩৫ জন অংশগ্রহণ করেন, যেখানে নারী অংশগ্রহণকারী ছিলো ২১ জন এবং পুরুষ ১৪ জন।
উদ্বোধনী বক্তব্যে প্রকল্পের প্রকল্প-সমন্বয়কারী মোঃ মনজুরুল আলম প্রশিক্ষণের উদ্দেশ্য তুলে ধরেন এবং দীর্ঘমেয়াদে প্রকল্প-অংশগ্রহণকারীদের জীবনে জিজিই ২.০ প্রকল্প যে যে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে তা বিস্তারিত ব্যাখ্যা করেন।
০২ দিনব্যাপী চলা এই প্রশিক্ষণটি পরিচালনা করেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর জেন্ডার, ডাইভারসিটি, ইনক্লশন অ্যান্ড প্রোটেকশন (GDIP) অ্যাডভাইজর সানজিদা আহমেদ। প্রশিক্ষণে গ্রুপ ওয়ার্ক, রোল প্লে এবং অংশগ্রহণমূলক আলোচনা অন্তর্ভুক্ত ছিল, যা প্রশিক্ষণার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে।
প্রশিক্ষণে আলোচিত প্রধান বিষয়গুলোর মধ্যে অন্যতম ছিলো সামাজিক নিয়ম ও প্রথা, ক্ষমতার ভারসাম্য, আন্তঃসংযোগ, নারীবাদী নেতৃত্বের নীতি, এবং জেন্ডার রূপান্তরমূলক পদ্ধতি। এই প্রশিক্ষণ অংশগ্রহণকারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং লিঙ্গ সমতা প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রেখেছে।