গত ০৭ ও ০৮ জানুয়ারি ২০২৬ ইং তারিখে ক্যাম্প-০৪ ও ক্যাম্প-০৪ এক্সটেনশনে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা)-এর আর্থিক সহায়তায় মুক্তি কক্সবাজারের “Improved Self-Resilience through Livelihood Support in Rohingya Community (ISLS)” প্রকল্পের উদ্বোধনী কর্মশালা সফলভাবে আয়োজন করা হয়েছে।
উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাম্প-ইন-চার্জ (সিআইসি) সুরাইয়া আক্তার সুইটি এবং করমশালার সভাপতিত্ব করেন মুক্তি কক্সবাজারের উপ-প্রধান নির্বাহী সৈয়দ লুৎফুল কবির চৌধুরী। অনুষ্ঠানে ক্যাম্প অফিসিয়াল, সাইট ম্যানেজমেন্ট এবং খাদ্য নিরাপত্তা ও জীবিকা খাতের সংশ্লিষ্ট স্টেকহোল্ডারগণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
আইএসএলএস প্রকল্পের লক্ষ্য হলো খাদ্য নিরাপত্তা ও সক্ষমতা বৃদ্ধি করা। এর আওতায় বাড়ির আঙিনায় সবজি চাষ, হাঁস-মুরগি পালন এবং জীবিকা উন্নয়ন কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে। প্রকল্প সমন্বয়কারী মো. রুহুল কুদ্দুস প্রকল্পের উদ্দেশ্য, বাস্তবায়ন পদ্ধতি, উপকারভোগী নির্বাচনের মানদণ্ড ও ঝুঁকি ব্যবস্থাপনা কৌশল উপস্থাপন করেন। প্রকল্পে নারী-প্রধান পরিবার ও ঝুঁকিপূর্ণ পরিবারকে অন্তর্ভুক্ত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার বিষয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথি ক্যাম্প ইন-চার্জ সুরাইয়া আক্তার সুইটি তাঁর বক্তব্যে বলেন "মুরগি পালনে সঠিক টিকা প্রদান অত্যন্ত জরুরি। প্রকল্পের মানসম্মত বাস্তবায়ন স্টেকহোল্ডারদের আস্থা তৈরি করবে এবং দাতা সংস্থার ধারাবাহিক সহায়তা নিশ্চিত করবে।”
উপ-প্রধান নির্বাহী তাঁর বক্তব্যে, সিআইসি অফিস, আরআরআরসি, এফএসএস ও এলএসডিএস সেক্টরের সাথে সমন্বয় বজায় রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। কর্মশালাটি অংশগ্রহণমূলক প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে শেষ হয়, যা ৬১০টি রোহিঙ্গা পরিবারের মর্যাদা, খাদ্য নিরাপত্তা ও সহনশীলতা বৃদ্ধিতে সম্মিলিত অঙ্গীকারকে আরও দৃঢ় করে।