গত ১৩ জানুয়ারি ২০২৬ ইং তারিখে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের এনজিও সেলের সহকারী কমিশনার মোঃ কামরুল ইসলাম নাজিরারটেক মুক্তি স্কুল পরিদর্শন করেন। বিদ্যালয়টি চিলড্রেন অন দ্য এজ-ইউকে’র সহায়তায় মুক্তি কক্সবাজার কর্তৃক বাস্তবায়িত এফডিএমএন ও হোস্ট কমিউনিটি শিক্ষা কর্মসূচির আওতায় পরিচালিত হচ্ছে।
পরিদর্শনকালে জনাব কামরুল ইসলাম বিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। তিনি শ্রেণিকক্ষ পরিদর্শন করে চলমান পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং শিক্ষকদের পাঠদানের পদ্ধতি ও শিক্ষার্থীদের অংশগ্রহণের মাত্রা মূল্যায়ন করেন। এছাড়াও, তিনি চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের একাডেমিক ফলাফল ও মূল্যায়ন সংক্রান্ত নথিপত্র পর্যালোচনা করে তাদের শিক্ষাগত অগ্রগতি সম্পর্কে ধারণা নেন। তিনি বিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনা, প্রশাসনিক কার্যক্রম, রেকর্ড সংরক্ষণ ব্যবস্থা এবং শিক্ষা কার্যক্রমের কার্যকারিতা মূল্যায়ন করেন। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও মানসম্মত শিক্ষার উপযোগী পরিবেশ নিশ্চিত করা হয়েছে কি না, তাও পর্যালোচনা করেন।
এই পরিদর্শনের মাধ্যমে বিদ্যালয়ের সাফল্য, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ সৃষ্টি হয়। বিদ্যালয়ের শিক্ষক ও ব্যবস্থাপনা দলের নিষ্ঠা এবং শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি ও অংশগ্রহণ নিশ্চিতকরণে তাদের প্রশংসা করেন তিনি।
পরিদর্শন শেষে জনাব কামরুল ইসলাম বিদ্যালয়ের শৃঙ্খলা, শিক্ষা কার্যক্রমের মান, ব্যবস্থাপনা এবং সামগ্রিক পরিবেশে সন্তোষ প্রকাশ করেন। তিনি মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে মুক্তি কক্সবাজার ও চিলড্রেন অন দ্য এজ-ইউকে’র প্রশংসা করেন এবং বিদ্যালয়ের ভিজিটরস বইয়ে তাঁর ইতিবাচক মন্তব্য লিপিবদ্ধ করেন।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মুক্তি কক্সবাজারের পরিচালক (অডিট অ্যান্ড কমপ্লায়েন্স) জনাব আবদুস সামাদ আজাদ, প্রকল্প ব্যবস্থাপক জনাব সুদেব রুদ্র, হিসাব কর্মকর্তা জনাব অলক কান্তি শর্মা এবং প্রকল্প কর্মকর্তা জনাব রমজান আলী।