গত ১২ জানুয়ারি ২০২৬ ইং তারিখে Livelihood and Skills Development Sector (LSDS) এবং এর পার্টনার সংস্থা DRC ও SKUS -এর প্রতিনিধিরা FCDO এর অর্থায়ন ও IOM এর কারিগরি সহযোগিতায় মুক্তি কক্সবাজার কর্তৃক বাস্তবায়নাধীন "Empowering Rohingya Entrepreneurs through skills, financial access and market formalization" প্রকল্পে যৌথ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন।
এ পরিদর্শনে নেতৃত্ব দেন LSDS সেক্টর কো-অর্ডিনেটর আশিক কবির এবং নলেজ ম্যানেজমেন্ট অফিসার জান্নাতুল ফেরদৌস। পরিদর্শনের উদ্দেশ্য ছিল প্রকল্প বাস্তবায়ন পর্যবেক্ষণ, অংশগ্রহণকারীদের সাথে মতবিনিময়, প্রশিক্ষণ ও নগদ অর্থ সহায়তা প্রদানের পর অগ্রগতি মূল্যায়ন এবং অংশগ্রহণকারীদের ভবিষ্যৎ পরিকল্পনা জানা।
মুক্তি কক্সবাজারের মনিটরিং ও ইভ্যালুয়েশন বিভাগের পরিচালক মোঃ খাইরুল ইসলাম জানান যে স্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচিত ৫০ জন উদ্যোক্তা গুণগত পণ্য উৎপাদন, উদ্যোক্তা দক্ষতা ও ডিজিটাল সাক্ষরতা বিষয়ে ০৯ দিনের প্রশিক্ষণ গ্রহণ করেছেন । প্রত্যেকে এক বছরের ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করেছেন এবং প্রথম কিস্তি হিসেবে প্রকল্প হতে ১৫,০০০ টাকা নগদ সহায়তা পেয়েছেন।
পরিদর্শনকালে প্রকল্প-অংশগ্রহণকারী গুলবাহার তার অনুপ্রেরণামূলক গল্প বর্ণনা করেন। তিনি নিজস্ব সঞ্চয় ও প্রকল্পের সহায়তা মিলিয়ে মোট ৩০,০০০ টাকা হস্তশিল্প ও সেলাই ব্যবসায় বিনিয়োগ করেছেন। ইতোমধ্যেই তিনি প্রকল্পের সহায়তায় পালংখালী ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করেছেন এবং মাত্র ১২ দিনের মধ্যে ১৩,০০০ টাকা বিক্রি করেছেন। তিনি আয় বর্ধনমূলক কর্মকান্ডে সহায়তার জন্য মুক্তি কক্সবাজার, IOM, FCDO এবং LSDS সেক্টরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মুক্তি কক্সবাজার প্রকল্পটি বাস্তবায়নে কমিউনিটি-লেড ও ব্যয়-সাশ্রয়ী পদ্ধতি গ্রহণ করেছে, যেখানে কারিগরি দক্ষতা সম্পন্ন কর্মী ও স্থানীয় ভলান্টিয়ারদের সম্পৃক্ত করে নিয়মিত পর্যবেক্ষণ ও দিকনির্দেশনার মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে। LSDS এর যৌথ পরিদর্শন দল প্রকল্পের কার্যক্রম পরিদর্শন শেষে সন্তুষ্টি প্রকাশসহ উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে আরো উৎসাহ প্রদান এবং প্রশিক্ষণ-পরবর্তী পরিবর্তনসমূহ ডকুমেন্ট করার সুপারিশ করেন।